শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান জাদুঘরের সচেতনতা সভা

এডিস মশার বিস্তার রোধে শিশু-কিশোরদের নিয়ে সচেতনতামূলক বিজ্ঞান সভা করেছে বিজ্ঞান জাদুঘর। গতকাল সোমবার সাভারের হলিটাচ মডেল স্কুলের ৪৫ শিক্ষার্থীকে নিয়ে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অপরিকল্পিত নগরায়ন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ডেঙ্গুর বিস্তার হচ্ছে, যা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতন করছে বিজ্ঞান জাদুঘর। প্রাত্যহিক জীবনে কঠোর পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিশু কিশোরদের জীবনযাপনে কঠোর অনুশাসন থাকতে হবে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ব্যবহারের শারীরিক ও মানসিক ক্ষতি অপরিমেয়, তা শিশু-কিশোরদের বোঝাতে হবে। পড়াশোনায় মনোযোগী হয়ে সততা ও শুদ্ধতায় জীবন গড়তে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম। পরে তিন শিক্ষার্থীকে বিজ্ঞান জাদুঘরের স্মারক উপহার দেওয়া হয়। বিজ্ঞপ্তি