জুবায়ের হত্যাকান্ডের ‘হোতা’ রাজিন গ্রেপ্তার

রাজধানীর ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় চৌধুরী রাজিন ইকবালকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাতে হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুবায়েরের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজিনের কাছে থাকা কলেজের একটি দাবা বোর্ড বাজেয়াপ্ত করা হয়। বোর্ডটি গ্রহণের জন্য আবেদন করেন জুবায়ের। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে ধস্তাধস্তি হয়। পরে কলেজের শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। অভিভাবকদের কাছে বিষয়টি অবহিত ও সতর্ক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার জেরে রাজিনের মনে ক্ষোভ সৃষ্টি হয়। পরে পরিকল্পনা অনুযায়ী জোবায়েরকে কমার্স কলেজের পাশের ভাড়া বাসায় ডেকে নিয়ে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজিন।