মাথা চুলকানোর ছবি ভাইরাল হওয়ায় চটেছেন ব্রাজিল কোচ

ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও কোচ দরিভাল জুনিয়রের চাকরি যাচ্ছে না। তার ওপরেই ভরসা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই সুসংবাদের মাঝেও দরিভাল জুনিয়রের মেজাজ খারাপ তার একটি ছবি ভাইরাল হওয়ায়। কোনো কিছু বিস্তারিত না জেনেই স্রেফ একটি ছবিকে ঘিরে এত আলোচনায় ভীষণ ক্ষুব্ধ ব্রাজিল কোচ।

উরুগুয়ের কাছে টাইব্রেকারে ব্রাজিলের হারের পর আলোচিত ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যাতে দেখা যাচ্ছে, টাইব্রেকারের আগে ব্রাজিলের ফুটবলাররা কাঁধে কাঁধ মিলিয়ে গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছেন। কিন্তু দরিভাল জুনিয়র সেই বৃত্তের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছেন। একই ঘটনার ভিডিও ক্লিপে দেখা যায়, দরিভাল দলীয় বৃত্তের পেছন থেকে উঁকিঝুঁকি দিয়ে কিছু বলার চেষ্টা করছেন।

এই ছবি আর ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দরিভালকে নিয়ে ব্যাপক ট্রোল করা হয়। তার ব্যক্তিত্ব ও দলের ওপর নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। অবশেষে ছবিটি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন দরিভাল। ‘গ্লোবো স্পোর্ত’-কে তিনি বলেছেন, “তাদের (সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী) কার্যকলাপ পুরোপুরি হাস্যকর লাগছে। তারা আমাকে সরাসরি প্রশ্ন করার প্রয়োজনই বোধ করেনি। এমনকি এই ব্যাপারে কিছুই জানতাম না।”

৬২ বছর বয়সী এই কোচ আরও বলেন, “স্রেফ একটা ছবিকে তারা এমনভাবে ব্যাখ্যা করেছে যেন এটা ভিনগ্রহের কোনো ব্যাপার। দলে আমার নিয়ন্ত্রণ আছে এবং সব গোছানো হচ্ছে, এটা বোঝাতে কি হাতে ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে? দুঃখিত, তারা যারা করেছে, তা পুরোপুরি অযৌক্তিক। সামান্য একটি ছবি নিয়ে তারা এভাবে বিতর্ক ছড়িয়েছে।”

“পেশাদার একজন মানুষকে জিজ্ঞেস না করেই স্রেফ একটি ছবিকে এমনভাবে ব্যাখ্যা করা পুরোপুরি অবিবেচকের মতো কাজ। যারা এটা নিয়ে এত কথা বলেছে, তাদের উচিত একজন পেশাদার মানুষকে নিয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে সাবধান হওয়া। পেশাদার হিসেবেও যদি সম্মান না করে, সবকিছুর ওপরে তারা আমাকে একজন পারিবারিক মানুষ হিসেবেও দেখতে পারে, যে সবাইকে ও সবকিছুকে সম্মান করে। যা হয়েছে, এতে আমি মর্মাহত। খুবই বিরক্ত। যদিও পেশাদারদের জন্য এটা বড় কিছু নয়। এই ধরনের অনেক অভিজ্ঞতাই হয়।”