ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইবাসী। অবিরাম বৃষ্টিতে ভোগান্তি দেখা দিয়েছে জনজীবনে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টি ও ব্যাপক জলাবদ্ধতার কারণে দেশটির বৃহত্তম নগরীর ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে, বহু ফ্লাইট বাতিল করা হয়েছে ও যানজটে নগরবাসী নাকাল হচ্ছে। এছাড়া বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
আগামী ৩-৪ ঘন্টার মধ্যে মুম্বাই এবং পালঘর জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
সোমবার দুপুর রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের হয়েছে মুম্বাইজুড়ে। এছাড়া আজ মঙ্গলবারও নগরজুড়ে ও আশপাশে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৈরি আবহাওয়ায় বাতিল করা হয়েছে অর্ধশত ফ্লাইট। বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা। বহু স্থানে লোকাল ট্রেনগুলো ঘণ্টার পর ঘণ্টা লাইনের ওপরই দাঁড়িয়ে আছে। ফলে হাজার হাজার রেলযাত্রী বিপাকে পড়েছে। এ ছাড়া ব্যহত হচ্ছে সড়ক যোগাযোগও।
একান্ত প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃষ্টির মধ্যে সমুদ্র সৈকতের কাছাকাছি না যেতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশ।
মুম্বাইয়ের পাশাপাশি থানে, নাভি মুম্বাই, পানভেল, পুনেতে এবং রত্নাগিরি ও সিন্ধুদুর্গের গ্রামীণ এলাকাগুলোতেও স্কুল-কলেজ সোমবারের পর মঙ্গলবারও বন্ধ রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।