রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে ঘরে লাশ মিলল যুবকের লাশ

রাজধানীর লালবাগের শহীদনগরের একটি বাসা থেকে তুহিন (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্ত্রীর।

আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে লালবাগ থানা পুলিশ মরদরহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তুহিনের স্ত্রী লিমা আক্তার মরিয়ম জানান, তুহিনের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। তবে বাবা-মায়ের সঙ্গে তার যোগাযোগ নেই। স্ত্রী ও এক ছেলে সন্তান নিয়ে থাকেন রাজধানীর লালবাগ শহীদ নগর ৪ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলায়। তুহিন আগে রিকশা চালালেও গত কয়েক সপ্তাহ যাবত হকারি করছিলেন। গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তবে রাতে এক পর্যায়ে দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল আটটার দিকে স্ত্রী লিমা ঘুম থেকে উঠে দেখেন ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে নিচে নামান। পরবর্তীতে স্বজনদের খবর দেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে যুবককে লাশ উদ্ধার করা হয়েছে। বাবা-মায়ের সাথে কোনো যোগাযোগ না থাকায় হতাশা থেকে এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।