রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মীদের আয়কর, পদোন্নতি ও ইনসেনটিভ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৯ জুলাই) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক এবং বিশেষায়িত বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কয়েকশত কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ব্যাংকের উপর অর্থ মন্ত্রণালয়ের অযাচিত সব রকমের হস্তক্ষেপ বন্ধ এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক সুবিধা প্রদানের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মরিয়ম বেগম, আশফাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা মনি, সাংগঠনিক সম্পাদক আবু সোলায়মান, সোনালী ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার, সাধারণ সম্পাদক আব্দুর রায়হান।