চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে এই সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরছেন তিনি।
মঙ্গলবার (৯ জুলাই) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
আগামীকাল বুধবার গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে প্রায় ২০ থেকে ২২টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে।
এর আগে গত ৮ জুলাই বেইজিং গেছেন। সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর।