নিরাপদ যাত্রা নয়, বিশ্বজুড়ে বিমান সফর ক্রমশ আতঙ্কের অন্য নাম হয়ে উঠছে। কখনও মাঝ আকাশে ঝাঁকুনি আবারও কোথাও নিছক গাফিলতি। এবার তেমনই এক ঘটনার ছবি ধরা পড়ল মার্কিন বিমানে। বিমানটি উড্ডয়নের পরই মাঝ আকাশে চাকা খুলে গেল। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে এর আগেও এমন ঘটনা ঘটেছিল আরেক মার্কিন বিমানে।
জানা গিয়েছে, গত সোমবার এই ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে। লস অ্যাঞ্জেলস থেকে ডেনভারের উদ্দেশে রওনা দিয়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি। তবে আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই বিমানের পিছনের সারির একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বেগ বাড়ে।
তবে বিমান কর্তৃপক্ষের দাবি, আকাশে ওড়ার অন্তত ৩ ঘণ্টা পর নিরাপদেই ডেনভার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তবে বড়সড় দুর্ঘটনা যে ঘটতে পারত তা অস্বীকার করেননি বিশেষজ্ঞরা। এমন ঘটনার পর যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিয়ম অনুযায়ী, বিমান উড্ডয়নের আগে বিমানে কোনোরকম যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। কিন্তু তার পরও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে একই রকম ঘটনা ঘটেছিল এক মার্কিন বিমানে। বোয়িং ৭৭৭-২০০ বিমান সানফ্রান্সিস্কো থেকে টেকঅফ করেছিল জাপানের ওসাকার উদ্দেশে। আকাশে ওড়ার পর বিমানের থেকে চাকা খুলে পড়ে গিয়ে সানফ্রান্সিস্কো বিমানবন্দরের পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।