২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর সেলেসাওদের নতুন কোচ করা নিয়ে হয়েছে নানা নাটক। শেষ পর্যন্ত দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হয়ে আসার পর সমর্থকরা স্বপ্ন দেখেছিলেন ভিন্ন কিছুর।
কিন্তু চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। দলের বিদায়ের পর কোচ দরিভাল নিজেই ব্যর্থতার দায় মেনে নিয়েছিলেন।
এবার ভিনিসিয়ুস জুনিয়রও নিজের কাঁধে নিয়েছেন দলীয় ব্যর্থতার দায়। নিজের ইন্সটাগ্রামে লম্বা এক পোস্ট করে ভিনি জানিয়েছেন হতাশার কথা। 'আবারও পেনাল্টিতে হতাশার সেই অনুভূতি ফিরে এসেছে।'
এর পরেই দলীয় ব্যর্থতার দায় নিয়ে ভিনিসিয়ুস বলেন, 'আমি দুই হলুদ কার্ড দেখে ব্যর্থ হয়েছি। আবারও দলের বাইরে থেকে আমি বিদায় দেখেছি। এবার আমার দায় ছিল। আমি জানি কীভাবে সমালোচনা নিতে হয়। এমনকি সেটা যতই নির্মম হোক।'
গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় পড়েছিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস। কোয়ার্টার ফাইনালে তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছিল ব্রাজিলকে। প্রত্যাশা পূরণ করতে পারেননি রদ্রিগো। এনদ্রিক ছিলেন পুরোই ব্যর্থ।