আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই জানিয়ে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, কিছু দুষ্টলোক থাকতে পারে, স্বার্থসিদ্ধির জন্য তারা কোনো কিছু করতে পারে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল মঙ্গলবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা পালন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনারা নির্দিষ্ট আর্মব্যান্ড পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ দেবেন, যেন তাদেরকে দেখেই চেনা যায় তারা স্বেচ্ছাসেবক। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যদি কোনো গুজব বা নেতিবাচক সংবাদ পান, তাহলে বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করবেন।’
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।