আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ও পদবি জানানো হয়। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে রেজাউল করিম পলকে। আংশিক এই কমিটিতে আরও রয়েছেন বিল্লাল হোসেন তারেক (যুগ্ম সাধারণ সম্পাদক), কামরুজ্জামান জুয়েল (সাংগঠনিক সম্পাদক) ও নুরুল ইসলাম সোহেল (দপ্তর সম্পাদক)। যুবদলের পুরো কমিটি পরে ঘোষণা করা হবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত রবিবার গণমাধ্যমে পাঠানো রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আগের স্থানে এসে শেষ হয়।