বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরনে ছিল গেঞ্জি। মুখে কাঁচাপাকা দাড়ি।
পুলিশ বলছে, নিহতের মাথায় আঘাত পেয়ে নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে। সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।