মায়ের হাত ধরে চিকিৎসকের কাছে যাচ্ছিল সাহাদাত ফরাজী (৮) নামে এক শিশু। পথিমধ্যে মায়ে হাত ছেড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় শিশটি। বুধবার (১০ জুলাই) ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সাহাদাত ফরাজী উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের সোহাগ ফরাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক তরুণ কুমার দেশ রূপান্তরকে জানান, মা কাজল বেগমের সাথে নিহত সাহাদাত ফরাজী জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় যায় চিকিৎসকের কাছে। অটোরিকশা থেকে তারা দু’জনে নামার পর মায়ের ধরা হাত ছেড়ে শিশু সাহাদাত দৌঁড় দেয়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সাহাদাত হোসেন ফরাজী। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।