কোটা সংস্কারের জন্য একটি কমিটি গঠন এবং ৫ শতাংশ কোটা বরাদ্দ রেখে জাতীয় সংসদে আইন পাশের দাবি জানিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে শাহবাগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তিনি।
তিনি বলেন, হাইকোর্টের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা তাদের এক মাসের স্থিতাবস্থা জারিকে স্বাগত জানাই। কিন্তু রাস্তায় থাকা কোনও সুখকর কাজ নয়, আমরা চাই সুষ্ঠু এবং স্থায়ী সমাধান। তাই আমরা দাবি জানিয়েছি নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগকে একটি কমিশন গঠন করে সংসদে আইন পাস করতে হবে যেখানে ৫% এর বেশি কোটা থাকা যাবে না। সুতরাং পরবর্তী নির্দেশনা না যাওয়া পর্যন্ত আমরা সকলেই শাহবাগ অবস্থান করব এবং সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে যাব।
তিনি আরো বলেন, ঢাকার কোনও শহর আজ বাংলা ব্লকেট থেকে রেহাই পায়নি। আমরা বুঝতে পারছি জনদুর্ভোগ চলছে জনগণের কষ্ট হচ্ছে। ঠিক এ কারণেই আমরা চাই শুধু প্রথম শ্রেণি নয় চতুর্থ শ্রেণি পর্যন্ত ৫ শতাংশ কোটা বহাল থাকে। আজ সন্ধ্যা সাতটায় যে সকল পয়েন্টে আমাদের ভাইয়েরা আছেন তারা শাহবাগে ব্যাক করবেন। ৭:৩০ মিনিটে আমরা সংবাদ সম্মেলন করব এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা জানাব, হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করব।