নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট টোলপ্লাজায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম এই অগ্নিকাণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এ সময় গাড়িটির কিছু অংশ দুমড়েমুচরে যায়। এবং সাথে সাথে গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা ৫ জন গাড়িতে আটকা পড়ে।
আটকেপড়া যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অগ্নিদগ্ধ ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলেছে। বর্তমানে ওই লেনে যান চলাচল স্বাভাবিক আছে।