এলজিইডি ক্রিলিকের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

এলজিইডি প্রতিষ্ঠিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর দিনব্যাপী সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি (সিসিসি)-এর চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলি আখতার হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিলিক নিয়ে আমাদের সবার একটি বড় স্বপ্ন আছে। ক্রিলিক এলজিইডির একটি পরিপূর্ণ জ্ঞান ভাণ্ডারে পরিণত হবে। ক্রিলিককে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে জনপ্রিয় করার জন্য যা যা প্রয়োজন তা এলজিইডি করবে। 

সভায় ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস), অ্যানুয়াল এডাপটেশন এওয়ার্ড, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান এবং সাইক্লোন শেল্টার/ব্রিজ ডিজাইন সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

সভায় যোগদানকারীদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করে ক্রিলিককে আরও প্রতিষ্ঠিত করতে সহযোগিতা অব্যাহত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন। 

সভায় উপস্থিত ছিলেন এলজিইডির পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আব্দুল হাকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা) মো. জসিম উদ্দিন, ক্রিম প্রকল্প পরিচালক মো. নাজমুল হাসান চৌধুরী, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল খালেক, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ডান বুম। 

এছাড়া বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, ও বিভিন্ন পর্যায়ের পরার্শকরা সভায় উপস্থিত ছিলেন।