পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছেন। শিপন পৌর এলাকার বাউরপাথর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে বেসরকারি ক্লিনিক ল্যাবএইড ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পায়ে গুলি লাগায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, ‘রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর জানতে পারি, গ্রামের শিপন বিএসএফের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাউরপাথর গ্রামের ৬১৬২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থান দিয়ে চোরাচালান হয়ে আসছে। মাদক, চিনি, শাড়িসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাই পথে বাংলাদেশে আনা হয়। একইভাবে মাছ, রসুনসহ বিভিন্ন পণ্য ভারতে পাচার করা হয়।

পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসাইন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।