ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন সিনিয়র সচিবের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন তিনি। এ সময় অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে উপস্থিত হলে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কুশলবিনিময় করেন। এরপর অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথিকে নিয়ে অভিবাদন মঞ্চে আরোহণ করলে উপসহকারী পরিচালক ফয়সালুর রহমানের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

আলোচনার শুরুতে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। প্রেজেন্টেশনে ফায়ার সার্ভিসের কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ প্রকল্প, চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা এবং প্রত্যাশা-সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন চলাকালে অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) বিভিন্ন কার্যক্রমের ব্যাখ্যা তুলে ধরেন। এরপর সুরক্ষা সচিবকে অধিদপ্তরের সংগঠন ও অপারেশনাল কার্যক্রমের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।