ঢাকার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মূলত পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১০ জুলাই) বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট দশ ঘণ্টা কলাবাগান, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড, ও পান্থপথ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।