যে ক্রিকেটারের জন্য পাগল ছিলেন মাধুরী দীক্ষিত

আশি এবং নব্বইয়ের দশকে যিনি পর্দায় এলেই পুরুষ হৃদয়ে ঝড় উঠত তিনি মাধুরী দীক্ষিত। বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল তার। কিন্তু সেসবের কোনো সত্যতা পাওয়া যায়নি। তার জীবনে একমাত্র প্রেমিক ছিলেন সঞ্জয় দত্ত। তার সঙ্গেও গাঁটছড়া বাধেননি অভিনেত্রী। ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে বলিউড ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন তিনি।

তবে এর বাইরেও মাধুরীর মনের গোপন জায়গা দখল করে রেখেছিলেন এক ক্রিকেট তারকা। তিনি আর কেউ নন, সুনীল গাভাস্কার। ১৯৯২ সালের এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন এ কথা। নিজের থেকে আঠারো বছরের বড় এই ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন, মুগ্ধ চোখে তাকিয়ে থাকতেন। শুধু তাই নয়, সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন সে কথাও নিজ মুখেই স্বীকার করেছিলেন নায়িকা। তিনি বলেন, ‘আমি পাগল ছিলাম ওর জন্য।’

সেই সাক্ষাৎকারেই মাধুরী জানিয়েছিলেন, সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তার স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ব্যাটসম্যান। তবে শেষে মাধুরী সংসার পাতলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনের সঙ্গে।

প্রায় চব্বিশ বছরের দাম্পত্য জীবন তাদের। দুই সন্তান রয়েছে তাদের, আরিয়ান এবং রায়ান। বিয়ের পর লম্বা একটা বিরতি নিয়ে অভিনয়ে ফিরেছেন মাধুরী। কখনও আমেরিকা, কখনও মুম্বাই, দুই দেশেই থাকেন তারা। যে কোনও অনুষ্ঠানে স্বামী শ্রীরামের সঙ্গে দেখা যায় মাধুরীকে।