কোপার ফাইনালই মেসির শেষ ম্যাচ, গোপন রেখেছেন ডি মারিয়ার জন্য!

এটা সবাই জানে যে কোপা আমেরিকা দিয়েই শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনার মাঝমাঠের সেনানী আনহেল ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার। তিনি এই সিদ্ধান্ত বদলাবেন না। কিন্তু ডি মারিয়ার সতীর্থ লিওনেল মেসি তার ক্যারিয়ার নিয়ে কিছুই বলেননি। বেশিরভাগের ধারণা, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০২৬ বিশ্বকাপেও খেলবেন। কিন্তু আর্জেন্টাইন সাংবাদিক হোসে আরমান্দো চমকে দেওয়ার মতো মন্তব্য করেছেন।

আগামী ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। হোসে আরমান্দোর দাবি, এই ম্যাচটাই হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ! দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধু ডি মারিয়ার জন্যই নাকি মেসি এই ঘোষণা দিচ্ছেন না। ডি মারিয়ার বিদায়টা যাতে সুন্দর হয়, সেটা যাতে ভালোভাবে উদযাপন করা যায়, সে কারণেই নাকি মেসির এমন সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে হোসে আরমান্দোর লিখেছেন, “আমার মনে হয় রবিবারে (বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়) মেসি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলবে। সে এটা আগে থেকে জানাচ্ছে না, যেন সবাই ডি মারিয়ার বিদায়টা ভালোমতো উদযাপন করে। তবে, তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এটাই মনে হচ্ছে কোপা আমেরিকার ফাইনালই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।”

কানাডার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিও ক্যারিয়ার শেষের একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, “জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, সেটি উপভোগ করছি। আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নয়, আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওটার (নিকোলাস ওটামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।”

হোসে আরমান্দোকে ফুটবলবিষয়ক সংবাদের জন্য অন্যতম নির্ভরযোগ্য সূত্র হিসেবে মনে করা হয়। তিনি কার্লো স্পোর্টস এবং ডিপোর্তে টোটাল ইউএসএ এর হয়ে লিওনেল মেসি ও ইন্টার মায়ামি নিয়ে কাজ করে চলেছেন। তাই তার এমন পোস্টের পর মেসির অবসর নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।