ফিলিপাইনে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১১

ফিলিপাইনের উত্তরাঞ্চলে একটি অন্ত্যেষ্টিক্রিয়া থেকে পিকআপ ট্রাকযোগে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। তাদেরকে বহনকারী টয়োটা হাইলাক্স পিকআপটি একটি যাত্রীবাহী বাসের গায়ে ধাক্কা দেয়। মধ্যরাতের অল্প সময় পর ফিলিপাইনের উত্তরে কাগায়ান প্রদেশের আবুলুগ পৌরসভার একটি চৌরাস্তায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

দেশটির পুলিশ জানিয়েছে, কাগাইয়ান প্রদেশের আবুলুগ শহরে পিকআপটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসটির চালক ও কন্ডাক্টরও আহত হয়েছেন কিন্তু ২৩ যাত্রীর সবাই অক্ষত আছেন।

রয়টার্স বলছে, গণপরিবহনের ওপর শিথিল নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়া সড়কগুলোর জন্য ফিলিপাইন কুখ্যাত। গত ডিসেম্বরে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ আন্তিকে একটি যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে ১৭ জন নিহত হয়েছিল।