রান্নায় দেরি হওয়ায় বিয়ের ৬ মাসেই আত্মঘাতী যুবক

স্ত্রী রান্না করতে দেরি করেন। তা নিয়ে মদ্যপ স্বামীর সঙ্গে প্রতিদিন অশান্তি। স্বামীর সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রী। আর সেই অভিমানে আত্মঘাতী স্বামী। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই আত্মঘাতী হলেন সঞ্জীব গোস্বামী (৩০) নামের ওই ব্যক্তি। ঘটনাটি ঘিরে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় ভারতের পশ্চিমবঙ্গের পুরনো মালদহের রাঙামাটিয়া গ্রামে।

পুলিশ জানায়, সঞ্জীব নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে স্বামী-স্ত্রী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল বলে জানা গেছে। 

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়েছিল। স্ত্রী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যান অন্যের বাড়িতে। সঞ্জীব বাড়িতে একাই ছিলেন। বুধবার সকালে তার স্ত্রী বাড়ি এসে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ফাঁক করে দেখতে পান তার স্বামীর দেহ ঝুলছে‌। মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আত্মঘাতী ব্যক্তির স্ত্রীর সাম লক্ষ্মী। তিনি পুলিশকে জানিয়েছেন, রাতে রান্না করতে দেরি হওয়ায় ঝগড়া হয়েছিল দুজনের। তার স্বামী প্রতিদিন নেশা করতেন। ওই রাতেও করেছিলেন। তাই তিনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু এভাবে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হবেন তা তিনি ভাবতে পারেননি।