কুবি শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ  

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেন তারা। 

এর আগে আজ বিকাল ৫ টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে  বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল ঘুরে ক্যাম্পাস সংলগ্ন স্টেশন বাজারের রেললাইন অবরোধ করেন। 

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না, 'কোটা প্রথার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে, 'সারা বাংলায় খবর দে, কোথায় প্রথার কবর দে' 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যর ঠাঁই নাই', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, 'কোটা না মেধা, মেধা মেধা', 'কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই',  'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়', 'আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই' ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজন ভৌমিককে বলেন, 'সারাদেশে কোটা আন্দোলনকে বেগমান করতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ জঘন্য হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে আমরা রেললাইন অবরোধ করেছি।'