কোটা আন্দোলনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে। কারণ মেধাবীরা যদি দেশ গঠনে, পরিচালনার সুযোগ না পায়, সেই দেশ তো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সরকার মেধাভিত্তিক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় কিনা সেটাই হচ্ছে প্রশ্ন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশে কোটা আন্দোলনতো আজকে নতুন শুরু হয়নি। অনেক দিন আগে থেকে চলছে। তারা যদি সেটা চাইতো, তাহলে এই খেলাধুলা করার তো কোনো দরকার ছিল না। একবার দেয়, একবার দেয় না। একবার কোর্টের কথা বলে, আবার নিজেরা বলে, এখন গোলাগুলি করছে, আহত করছে। কাদের আহত করছেন? আগামী প্রজন্মের নাগরিকদের, যারা বাংলাদেশকে পরিচালিত করবে। যাদের মেধায় আগামীর বাংলাদেশ চলবে, তাদের ওপর হামলা, আক্রমণ গুলি চালাচ্ছে তারা। 
 
বিএনপি আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলে আন্দোলন কবে হবে, কর্মসূচি কি হবে? আমি বলতে চাই, আন্দোলন চলমান আছে। ২০ লাখ মানুষের সমাবেশে টিয়ারসেল মেরে, গ্রেনেড মেরে যদি কেউ মনে করে, আন্দোলন শেষ হয়ে গেছে, না। আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। দেশের ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে বাড়িতে বসেছিলেন। এ রেজিমের বিরোধিতা করে ভোটকেন্দ্রে না গিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। মিটিং ভন্ডুল করে, জোর করে ক্ষমতা দখল করেছে সরকার।

এদিন আগামী দিনের কর্মসূচি নির্ধারণে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে আলোচনায় বসেন বিএনপির নেতারা। সে বিষয়ে তিনি বলেন, চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে আমাদের যুগপৎ আন্দোলনের সহযোগী যারা, আগামী দিনের কর্মসূচি কী হবে, দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা কী করতে পারি এবং এই আন্দোলনের সফল সমাপ্তি কীভাবে করতে পারি, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।