সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে ছাত্র-পুলিশ সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ জাতীয় সংবাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ জাতীয় গুজব রটানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাংবাদিকসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ছাত্রদের সড়কে নামতে নিষেধ করা হয়েছে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ করে। শিক্ষার্থীদের ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।