রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে দুখু মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলিম শেখ জানান, তারা ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় ঢালাইয়ের কাজে গিয়েছিলেন। নির্মানাধীন একতলার ছাদে নতুন করে কলাম ঢালাই করছিলেন সকাল থেকে। সেই কলামের সাথে মই দাঁড় করিয়ে সেই মইয়ের উপর উঠেছিলেন দুখু। অসাবধানতাবশত সেখান থেকে মইসহ কাত হয়ে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, দুখুর বাড়ি নেত্রকোনার বারহাট্টা থানায়। পরিবার নিয়ে ভাটারা সোলমাইদ এলাকায় থাকতেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে।