খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশের মানুষ ও গণতন্ত্রের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব।
গতকাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।