বিয়ে করেছেন রিশাদ, দেনমোহর ছিল ১০১ টাকা

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় পার করা রিশাদ হোসেন এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। তিনি বসেছেন বিয়ের পিঁড়িতে।

এক বছর আগে সিদরাতুল মুনতাহার সঙ্গে বাগদান হয় তার। নতুন খবর হলো, জাতীয় ক্রিকেট দলের এই লেগ স্পিনার তার স্ত্রীকে ঘরে তুলেছেন গতকাল বৃহস্পতিবার।

আর সেটি হয় পারিবারিকভাবেই। বিয়ের কাবিননামায় ১০১ টাকা দেনমোহর ধার্য হয়।

ক্রিকেটার রিশাদ ২০২৩ সালের টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পাস করেন। বর্তমানে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন তিনি।

রিশাদের এ বিয়ে নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে অনীহা দুই পরিবারের। এমনকি ছবি তোলাতেও ছিল বাধা। রিশাদও বিয়ের বিষয় নিয়ে কথা বলতে চাননি সাংবাদিকদের সঙ্গে। শুধু বলেছেন, আপনারা সবাই দোয়া করবেন আমার এবং আমার স্ত্রীর জন্য।