প্রায় সাড়ে ১৪ লাখ আফগান শরণার্থীর নিবন্ধন কার্ডের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটিকে প্রত্যাবাসন পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানানোর পর এই ঘোষণা এলো। এর ফলে নিবন্ধিত আফগান শরণার্থীরা পাকিস্তানে আরও এক বছর থাকতে পারবে।
আল জাজিরা জানিয়েছে, প্রাদেশিক মন্ত্রিসভা ১৪ লাখ ৫০ হাজার আফগান শরণার্থীর প্রুফ অব রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ এক বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডির মধ্যে শরণার্থীদের অবস্থা নিয়ে আলোচনার পর এ ঘোষণা দেওয়া হলো।
১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর থেকে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে পাকিস্তান। সর্বশেষ ২০২১ সালের আগস্টে তালিবানরা ক্ষমতা ফিরে আসার পর প্রায় ৬ থেকে ৮ লাখ আফগান প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নেয়।