রাজধানীতে টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের অফিস। শুক্রবার (১২ জুলাই) মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান।
ওই পোস্টে তিনি লিখেন, ‘একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। কিন্তু আজ সেগুনবাগিচা অফিসও পানিতে ডুবে গেল।’
তার দেওয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন প্রশ্ন করে লিখেন, এটার কারণ কী হতে পারে? অপরিকল্পিত নগরী নির্মাণ, নাকি উন্নয়ন ব্যতিত নগরী? জবাবে মোস্তফা জব্বার লিখেন, ‘পানি সরার নর্দমা বন্ধ। আরামবাগের সমস্যাটা পুরানা। দক্ষিণ সিটি কর্পোরেশন মোটেই কাজ করেনি। তবে সেগুন বাগিচা এভাবে জলমগ্ন হওয়াটা অবাক করেছে।’
পোস্টের মন্তব্যে অনেকে তাদের বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়া পানির ছবি দিয়ে মন্তব্য করেন।
উল্লেখ্য, রাজধানী ঢাকায় আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পরবর্তী ছয় ঘণ্টাতেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।