কোটাবিরোধী আন্দোলনে উত্তাল পবিপ্রবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল ৪টায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পবিপ্রবির টিএসসি চত্বর থেকে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ক্যাম্পাসের বাইরে দুমকি-বাউফল সড়ক দিয়ে নসিব সিনেমা চত্বর ঘুড়ে জয়বাংলা চত্ত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. অবদুল আজিজ, মো. ফজলে রাব্বি, গৌতম চন্দ্র প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় বক্তারা বলেন, মেধার মূল্যায়ন নিশ্চিত করতে অবিলম্বে কোটা সংস্কার করতে হবে। কোনও টালবাহানা চলবে না। এখনই কোটা সংস্কার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।