মিরনজিল্লা হরিজন সিটিতে হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে বিক্ষোভ

রাজধানীর বংশাল থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের মিরনজিল্লা হরিজন কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের সামনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বাসিন্দারা।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মিরনজিল্লা ছাত্র যুব ঐক্য’ এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা চিহ্নিতদের গ্রেপ্তার, কাউন্সিল আউয়াল হোসেনের দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং মেয়র কর্তৃক মিরনজিল্লার ছাত্র যুবকের বিরুদ্ধে মিথ্যা-বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

টিটু সরকার তপুর সভাপতিত্বে এবং মহেন্দ্র লাল মুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল, নারী নেত্রী পুজা রানী দাশ, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পংকজ দাশ, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, মিরনজিল্লার ছাত্র লিটন লাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট মিতু সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিজন দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অনিক কুমার দাশ। এ ছাড়া বিক্ষোভ সমাবেশে উপ্সথিত থেকে সংহতি জানিয়েছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, জাতীয় গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল, বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

সমাবেশে বক্তারা দাবি তোলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেনকে হরিজনবাসীর ওপর হামলার দায়ে অবিলম্বে দায়িত্বরত পদ থেকে অপসারণ করতে হবে। শুধু তাই নয়, হামলায় চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিরনজিল্লার হরিজনদের বিরুদ্ধে ওয়ার্ড কাউন্সিলরের দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে ষড়যন্ত্র ও বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে।

সভায় বক্তারা মিরনজিল্লার ৪০০ বছরের পুরানো বসতি উচ্ছেদের সকল পরিকল্পনা স্থায়ীভাবে বন্ধ এবং এই জমির মালিকানা মিরনজিল্লা বাসিন্দাদের নামে দলিল করে দেওয়ার আহ্বান জানায়।