সম্প্রতি হয়ে যাওয়া ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল বিরোধী জোট ইন্ডিয়া। এবার ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপ-নির্বাচনেও ধাক্কা খেল মোদির দল। উপনির্বাচনে চারটি আসনে জিতেছে ইন্ডিয়া জোট। এগিয়ে আছে আরও ছয়টি আসনে।
প্রাথমিক ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র- রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলার উপনির্বাচনে জয় পেয়েছে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস। ২০২১ এর উপনির্বাচনে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি।
এদিকে উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব মানুষকেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলেই মুম্বাই থেকে শহরে ফিরেছেন তিনি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, “অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। মানুষই সব রুখে দিচ্ছেন। পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের।”
উপনির্বাচনের ফল বলছে, মানিকতলা কেন্দ্রটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেও ওই তিন কেন্দ্রে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। সেই দিক থেকে দেখতে গেলে লোকসভা ভোট মেটার দেড় মাসের মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় জোড়াফুল ফোটাল রাজ্যের শাসকদল।
পশ্চিমবঙ্গের চার কেন্দ্র ছাড়াও দেশের ছয় রাজ্যের নয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল গত বুধবার। শনিবার ইভিএম খোলার পর দেখা যায়, ১৩টি আসনের মধ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ঝুলিতে যাচ্ছে ১০টি। আর শাসক জোট এনডিএ-র ঝুলিতে যাচ্ছে ২টি। এই প্রসঙ্গে মমতা বলেন, “সারা ভারতেই আমি শুনেছি, বিজেপি পর্যুদস্ত হয়েছে। গোটা দেশে বিজেপি বিরোধী ট্রেন্ড দেখা যাচ্ছে।”