বিহারে মিলল বৌদ্ধ ভিক্ষুর মরদেহ, পাশে পড়েছিল চিরকুট

বান্দরবানে ড. দীপঙ্কর মহাথেরো নামে এক বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধুতাঙ্গ ভান্তে নামে পরিচিত ছিলেন।

শনিবার (১৩ জুলাই) জেলা সদরের কালাঘাটা এলাকার গোদার পাড়ের আর্য ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন তিনি। সেখান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভান্তে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠেন। কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তার কোনো সাড়া না পাওয়ায় বিহারে অবস্থানকারী অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। 

ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, গলায় রশি দেওয়া থাকলেও মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, আর্যগুহা বিহার থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।