বান্দরবানের রোয়াংছড়ির একটি বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার কালাঘাটা এলাকার গোদার পাড়ের আর্য ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই ভিক্ষুর নাম ড. দীপঙ্কর মহাথেরো। তিনি ধুতাঙ্গ ভান্তে নামে পরিচিত। দীপঙ্কর মহাথেরো আর্য ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভান্তে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় বিহারের অন্য ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
দীপঙ্কর মহাথেরোর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, ‘গলায় রশি দেওয়া থাকলেও তার মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। কারণ মাটিতে তার পা লাগানো ছিল। তাকে হত্যা করা হতে পারে।’
রোয়াংছড়ি থানার ওসি পারভেজ আলী বলেন, আর্যগুহা বিহার থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।