কলকাতার তারকা সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি।
হিন্দুস্তান টাইমস ওটিটি প্লে-র প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে আগামী ১৫ জুলাই কলকাতার বাইরে একটি ফার্মহাউসে গাঁটছড়া বাঁধবেন সোহিনী-শোভন।
এদিন সকাল বেলা গায়ে হলুদের পর রেজিস্ট্রি বিয়ে করবেন তারা। আপাতত বিয়ের অন্যসব নিয়ম বাদ রেখে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোটখাটো একটি অনুষ্ঠান হবে। তবে শীতকালে, এই বছরের শেষের দিকে, ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা বড় পার্টি দেবেন সোহিনী-শোভন।
বিয়ের দিন লাল শেডের বেনারসি পরবেন সোহিনী। আর শোভন পরবেন ধুতি-কুর্তা। এদিকে বিয়েতে ‘কোনও বিরিয়ানি থাকছে না’। মাটন ও মাছের সঙ্গে অতিথিদের বাঙালি খাবার পরিবেশন করা হবে।
অনেকদিন থেকেই শোভন-সোহিনীর গোপন প্রেম নিয়ে ছিল নানা জল্পনা। গত বছর যীশু সেনগুপ্ত আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ঘনিষ্ঠতা বাড়ে তাদের।
মাসখানেক আগে তারা একসঙ্গে বিদেশ ভ্রমণও করেছিলেন সেখানে আংটি বদলও করেন তারা।