রাজধানীর যাত্রাবাড়ী আদর্শবাগ ফার্মের মোড় এলাকায় একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। রবিবার (১৪ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হামিদুল ভান্ডারি জানান, ছাদ ঢালাইয়ের কাজ করেন তারা। আজ সকালে আদর্শবাগ ফার্মের মোড়ে একটি তিন তলা নির্মানাধীন ভবনের ছাদ ঢালাই কাজে যান। ছাদের উপর উঠে আশরাফুল মালামাল তোলার ক্রেনের বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য তারটি ভবনের পাশ দিয়ে যাওয়া একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের উপর দিয়ে ছুড়ে মারেন। তখনই সেখান থেকে বিদ্যুতায়িত হন আশরাফুল। সঙ্গে সঙ্গে ভবন থেকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, তার বাড়ির কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। বাবার নাম মৃত দুলাল মিয়া। বর্তমানে কোনাপাড়ায় থাকতেন।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।