রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলিতে মো. শাহরাজ (২৫) নামের এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৪ জুলাই) ভোরে উখিয়া উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এপিবিএন সদস্য মধুরছড়া পুলিশ ক্যাম্পে সিপাহি পদে কর্মরত।

৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ ইকবাল বলেন, রদ ভোরে উখিয়ার মধুরছড়া ৪- এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এপিবিএন পুলিশের ৯ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এক পর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাহির থেকে ৩০ থেকে ৩৫ জন সদস্য প্রবেশ করে অতর্কিত এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উভয়পক্ষের গোলাগুলিতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. শাহরাজ নামের এপিবিএন পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়। এতে তার ডান উরু ও ডান হাতের আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়। 

এডিআইজি আরও বলেন, গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান মোহাম্মদ ইকবাল।