হামলার পর কেমন আছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় বন্দুকধারীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই।

আকস্মিক ওই হামলার বিষয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তার কানে গুলি করা হয়েছে। গুলিটি তার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে।‘

ট্রাম্প বলেন, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার কানের চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি তার সমর্থকসহ বিশ্ববাসীর মধ্যে। তার সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন বিশ্বের অনেক নেতা। তিনি কেমন আছেন, এখন কী অবস্থায় আছেন সেই প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে।

তার মুখপাত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার পর শারীরিক অবস্থা ভালো আছে ট্রাম্পের। স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি, শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। এছাড়া সিক্রেট সার্ভিস জানিয়েছে যে ট্রাম্প বর্তমানে নিরাপদ আছেন।

গুলিতে আহত হওয়ার পর পরই নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং বলেন, হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্প এখন ভালো আছেন।

এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।