ট্রাম্পের ওপর হামলার ঘটনায় যা বলছেন বিশ্বনেতারা

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনি জনসভায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার কান ঘেঁষে গুলি করা হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন তারা। খবর সংবাদমাধ্যম আল জাজিরার।

এই হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ এক কূটনীতিক বলেন, আরও একবার আমরা রাজনৈতিক কোনো প্রতিনিধির ওপর এ ধরনের সহিংসতার সাক্ষী হলাম। এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার রোববার এক বিবৃতিতে বলেন, নির্বাচনী প্রচারণায় এমন ভয়াবহ দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেছেন। তিনি বলেন, আমাদের সমাজে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আমার বন্ধু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্র এবং রাজনীতিতে সহিংসতার কোনো জায়গা নেই। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি।’

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘গণতন্ত্র বিরোধী যেকোন সহিংসতার বিপক্ষে আমরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করি।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘এমন অন্ধকার সময়ে ট্রাম্পের জন্য প্রার্থনা রইলো।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ‘তিনি পেনসিলভানিয়া কর্তৃপক্ষের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনেছেন এবং তিনি ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন।‘

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হতবাক হয়ে গেছেন। তিনি ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ভয়াবহ ওই ঘটনা দেখে হতবাক হয়েছেন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিরাপদ থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তিনি এবং তার স্ত্রী সারা হতবাক হয়েছেন। তিনি বলেন, আমরা তার (ট্রাম্পের) সুরক্ষা এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন, তাইওয়ানের প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাসহ আরও অনেক বিশ্বনেতা।