পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী জনসভায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন তারা। তবে এ বিষয়ে কোনো বিবৃতি দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ান সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়, পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় কোনো বিবৃতির পরিকল্পনা নেই। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা বিশ্বাস করি না যে ট্রাম্পকে নির্মূল করার জন্য তাকে হত্যার চেষ্টা বর্তমান প্রশাসনের দ্বারা সংঘটিত হয়েছে। তবে ট্রাম্পের ওপর এই হামলা এটা প্রমাণ করে যে আমেরিকা বর্তমানে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
পেসকভ বলেন, আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গন থেকে ট্রাম্পকে অপসারণের অসংখ্য চেষ্টা হয়েছে। এর মধ্যে আইনি পন্থা অবলম্বন, আদালত, প্রসিকিউটর, প্রার্থীকে রাজনৈতিকভাবে অসম্মান করার চেষ্টা এবং সর্বশেষ তাকে প্রাণে মেরে ফেলার জন্য হামলা। এসব আসলে প্রমাণ করে যে ট্রাম্পের জীবন আসলেই হুমকির মধ্যে আছে।
তবে যাই হোক, এসব নিয়ে ট্রাম্পের জন্য বিবৃতি প্রদানের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।