লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির বন্ধুত্বের কথা ফুটবল ভক্তদের জানা। মেসি ও সুয়ারেজ একসঙ্গে মাঠ মাতিয়েছেন বার্সেলোনার হয়ে। সেখান থেকেই এই দুজনের বন্ধুত্ব দৃড় হয়। বর্তমানে তারা দুজনই খেলছেন ইন্টার মায়ামিতে।
এবারের কোপা আমেরিকাতে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও উরুগুয়ে। লুইস সুয়ারেজের দল যদি ফাইনালে উঠতে পারতো তবে দেখা হতো। কোপা ফাইনালের আগে মেসি এক সাক্ষাৎকার দিয়েছেন ডিএস স্পোর্টসকে। সেখানে কথা বলেছেন বন্ধু সুয়ারেজকে নিয়ে।
সুয়ারেজ সম্পর্কে মেসি বলেন, 'সে আমার বন্ধু এবং সবসময়ে তার ভালোটা চেয়ে এসেছি। সেও তার শেষ কোপা আমেরিকা খেলছে কিন্তু ভিন্ন অবস্থাতে। কারণ গতবারের মত এবার সে বেশিক্ষণ খেলতে পারেনি। আমরা যখন একে অপরকে বিদায় জানাই তখন আশা করেছিলাম ফাইনালে মিয়ামিতে আবার দেখা হবে। কিন্তু খুব কাছেই ছিলাম আমরা। কিন্তু উরুগুয়ে অসাধারণ একটি দল এবং কলম্বিয়ার বিপক্ষে তাদের অনেক সুযোগ ছিল। যখন ১-০ তে পিছিয়ে ছিল কলম্বিয়া দশ জনের দলে পরিণত হয়। কিন্তু মাঝেমাঝে ভাগ্যও সহায় থাকতে হয়।'
দুই বন্ধুর মধ্যে কি নিয়ে কথা হয় তাও জানিয়েছেন মেসি। 'আমরা প্রায় সময়েই সবকিছু নিয়ে কথা বলি। মাঝেমাঝে ম্যাচ নিয়ে কি হতে পারে না হতে পারে আবার কখনো ফুটবলের বাইরে বিভিন্ন জিনিস নিয়ে কথা হয়। এটা শুধু আমার সাথেই হয় এমন না, সবার সঙ্গেই হয়। সে আমাদের গ্রুপের অন্যতম সদস্য যার কারণে এসব বেশি হয়। সে (সুয়ারেজ) আমার বেশি কাছের।'
বাংলাদেশ সময় সোমবার সকাল ৬ টায় কোপার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও আর্জেন্টিনা। উরুগুয়ে কানাডাকে হারিয়ে তৃতীয় হয়েছে।