রাজাকার স্লোগানে উত্তাল বেরোবি, ছাত্রলীগকে দুয়োধ্বনি 

সম্প্রতি চীন সফর শেষে সাংবাদিক সম্মেলনে কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। 

রবিবার (১৪ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দার পাড়া, পার্ক মোড়, চকবাজার ও লালবাগ থেকে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন। 

বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া  থেকে বের করা মিছিলটি পার্ক মোড়, চকবাজার ঘুরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে মিছিল করেন। পরে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান কর্মসূচি ও রাস্তা অবরোধ করেন।

মিছিলের একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দেখে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। প্রায় ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী এ মিছিলে একত্রিত হয়। এ সময়ে ছাত্রলীগ হল থেকে রামদা, রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থান নিলেও অনেকটা অসহায় ও নিরব ভূমিকা পালন করে।

এ ঘটনার শেষে (১৫ জুলাই) রাত ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙ্গে তারাও আন্দোলনে যুক্ত হোন এবং মডার্ণ মোড়ে গিয়ে অবস্থান নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগানে মিছিল প্রদান করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মডার্ণ চলে যায়। এ সময় কোনো ধরনের অরাজকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।