টিএসসিতে থমথমে অবস্থা, কয়েক হাজার শিক্ষার্থীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছেন সেখানে। অন্যদিকে ছাত্রলীগের হামলার আশঙ্কায় শিক্ষার্থীরাও লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে।

রোববার দিনগত রাত ১১টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে এই অবস্থা বিরাজ করছে। রোকেয়া হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে তাকা ভেঙ্গে ছাত্রীরা রাস্তায় অবস্থান নিয়েছে। ছেলেদের হলগুলোতে ছাত্রলীগের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন।

এসময় শিক্ষার্থীরা এসময় শিক্ষার্থীরা— চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কোটা না মেধা, মেধা মেধা, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ স্লোগান দেন, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে স্লোগান দেন।

তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মী মধুর ক্যান্টিনে এবং ঢাকা মহানগর ছাত্রলীগের নেতাকর্মী নীলক্ষেত এবং শাহবাগে অবস্থান নিয়েছে। ঢাকার বিভিন্ন কলেজ থেকেও ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগে আসছেন বলে জানা গেছে। শিক্ষার্থী এবং ছাত্রলীগ মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় থমথমে অবস্থা বিরাজ করেছে। 

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এবং ভিসি চত্বরে দুজনকে ছাত্রলীগ সন্দেহে গণপিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।