ঢাকাসহ আশপাশের জেলা ও দেশের বিভিন্ন মহাসড়কে গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরে পণ্যবাহী গাড়ি থামার সংকেত দিত তারা। তারপর গাড়িচালক ও তার সহযোগীদের হাত-পা বেঁধে রেখে গাড়িসহ পণ্য ডাকাতি করত। সম্প্রতি এমন একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডিমের গাড়ি ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সাভারের চান্দিনায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ব্যবসায়ীকে তুলে নিয়ে ডাকাতির ঘটনায় দলটির সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে রাজধানীসহ আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে এ দুই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে ডিএমপির একাধিক দল।
মহাসড়কে পুলিশবেশে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসলামুল হক আসলাম ওরফে বেলাল, রমজান শেখ ওরফে কালু, মেহেদী শেখ হিরা, জমির খান ও মো. জহিরুল ইসলাম চকিদার। অন্য ডাকাত দলের গ্রেপ্তার সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম, মো. মিরন ওরফে সুজন, মো. মেহেদী হাসান রাজীব, আবদুল মতিন, বাদল মুন্সী ও সাগর ইসলাম। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন মডেলের পাঁচটি গাড়ি, পুলিশের ওয়্যারলেস ও জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, মহাসড়কে ডিবি পুলিশের পোশাক পরে লেজার লাইট দিয়ে সংকেত দিয়ে পণ্যবাহী গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল তারা।