কুড়িগ্রামে বন্যার্তদের ত্রাণ র‌্যাব ডিজির

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। সেই সঙ্গে দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবাও। বন্যার সংকটকালে ত্রাণ ও স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসীরা। আর বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা জানায় সরকারি সংস্থাটি।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরাঞ্চলের বন্যা দুর্গতরা।

চর যাত্রাপুরের বাসিন্দা মেহেরা বেগম বলেন, ‘১৫ দিন ধরে বানের পানিতে আছি। কোনো কাজ-কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোনো সহযোগিতাও মেলে নাই। আজ (রবিবার) একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।’

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর জানান, আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যাকবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হলো তা বন্যার্তদের উপকারে আসবে। আরও সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন।

ত্রাণ বিতরণের পর র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেন, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে জনগণের মধ্যে আস্থা অর্জন করেছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‌্যাব সর্বদা আন্তরিক।