বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শফিকুল ইসলাম।
গত শনিবার বিএসএমএমইউর নিউরো সার্জারি বিভাগের লেকচার হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২৮ জন নিউরোসার্জন এ নির্বাচনে ভোট প্রদান করেন। বিএসএমএমইউর নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ১২৬ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া পান ৯৯ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্যবিশিষ্ট কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করা, ব্রেন ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত এবং স্ট্রোক আক্রান্ত রোগীদের জরুরি অপারেশনের পদ সৃষ্টির জন্য কাজ করব। বাংলাদেশের নিউরো সার্জারিকে বিশ্বমানে উন্নীত করতে সোসাইটি অব নিউরোসার্জন কাজ করে যাবে।