শুধু মেসিকে নিয়ে কথা বলতে ভালো লাগে না: স্কালোনি

আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা জয়ের নায়ক হয়ে গেলেন লাউতারো মার্তিনেজ। কিংবদন্তি লিওনেল মেসির হাতে উঠল আরও একটি শিরোপা। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে চোট পেয়ে উঠে যান মেসি। পুরো টুর্নামেন্টই তিনি খেলেছেন চোট নিয়ে। শিরোপা জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য শুধু একজনকে নিয়ে কথা বলতে চাইলেন না, তিনি বললেন দলের সবাইকে নিয়ে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এক প্রশ্নের জবাবে টানা চারটি শিরোপা জয়ী কোচ স্কালোনি বলেন, “লিওনেল বলতে কী বোঝাচ্ছেন? আমি শুধু তাকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। যদি আমি কেবল তাকে নিয়েই কথা বলি, সেটা আমার ভুল হবে। কারণ এই ছেলেরা আমাদের অনেক আনন্দ দিয়েছে। একটি জাতীয় দল এত দুর্দান্ত যে মেসি ছাড়াই জিতেছে। আমরা যদি না জিততাম, তবু চালিয়ে যেতাম। কারণ, এটাই সঠিক পথ। আমরা ভালো আছি এবং দারুণ উপভোগ করছি।”

ফাইনালে আর্জেন্টিনার একমাত্র গোলটি এসেছিল অতিরিক্ত সময়ে। দলের প্রশংসায় স্কালোনি আরও বলেন, “অতিরিক্ত সময়ে দল সবসময় একটু অতিরিক্ত দেয়। তাদের খেলা দেখতে পারাটা আনন্দের। তারা যেভাবে নিজেদের উজার করে দেয়, সেজন্য আমি ভীষণ কৃতজ্ঞ। ম্যাচের আগে (বিশৃঙ্খলার সময়) খেলোয়াড়রা তাদের পরিবারের অবস্থা না জেনেই মাঠে নামার জন্য দাঁড়িয়ে ছিল। কী হচ্ছিল আমরা কিছুই জানতাম না। সেই অবস্থায় আমরা মাঠে নেমেছি।”