ঢামেকে আহতদের চিকিৎসা, বাইরের সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনায় আহত শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন। ছাত্রলীগের দাবী আন্দোলনকারীদের হামলায় তাদের নেতাকর্মীরাও আহত হয়েছেন। 

এদিকে ঢামেকে যখন আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছিল, তখনও ঢাকা মেডিকেলের আশেপাশের রাস্তায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যেতে পারছিলেন না। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আহত শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রলীগের একদল নেতাকর্মী ঢামেকের জরুরী বিভাগের সামনে অবস্থান নেন এবং চিকিৎসার জন্য যারা যান তাদের ওপর হামলা চালান। 

এর আগে আজ সোমবার বিকেল ৩টার দিকে ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীরা পিছু হটলে তাঁদের ধরে ধরে মারধর করা হয়।